পানি বাড়ায় তিন ফুট পর্যন্ত খুলেছে কাপ্তাই বাঁধের গেট

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪২ এএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদ এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সবকটি গেট খোলা রাখার পরও পানি না কমায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট চতুর্থ দফায় তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে হ্রদের পানি বিপৎসীমার সর্বোচ্চ সীমায় পৌঁছালে কর্তৃপক্ষ গেট তিন ফুট পর্যন্ত খুলে দেয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করার পর বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় আড়াই ফুট পর্যন্ত গেট খুলে দেওয়ার পরও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাত ১১টায় হ্রদের পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৭৯ এমএসএল। পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএলের একেবারেই কাছাকাছি চলে আসায় ঝুঁকি এড়াতে গেট তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি ৩ ফুট পর্যন্ত গেট খুললে বন্যার আশঙ্কা নেই, তবে এর বেশি হলে বন্যার আশঙ্কা থাকে। আমাদের লক্ষ্য থাকবে যেন তিন ফুটের বেশি যেন খুলতে না হয়। তবে ভাটি এলাকার মানুষদের সতর্ক থাকার আহ্বান জানান ব্যবস্থাপক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত