বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছাবে। এবার ধানের বাম্পার ফলন হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে গণ অভ্যুত্থানে শহীদ সাদেকুরের স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
স্মরণসভায় এমরান সালেহ প্রিন্স জনগণকে আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবে।
তিনি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই। তিনি জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
বিএনপির আগামী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরিব কৃষককে একটি ফসলের ঊৎপাদন খরচ প্রদান, এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, অন্যান্য বেকারদের কর্মসংস্থান, শিল্প কলকারখানা স্থাপনসহ জনও কল্যাণে বিএনপি ব্যপক কর্মসূচি নিয়েছে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে শহীদ সাদেকুরের পিতা আবদুল লতিফ, ভাই হাফেজ সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর, সাবেক চেয়াম্যান গাজীউর রহমান, বিএনপি নেতা আবুল হাশিম, জুয়েল খান, শাহ মেম্বার, খালেক মাস্টার, সাহাবউদ্দিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
