রাজস্থানের স্যামসনক নিয়ে চেন্নাই-কলকাতার টানাটানি

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম

ভারতীয় দলের ইংল্যান্ড সফর শেষে হুট করেই আলোচনায় চলে এলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। আগামী আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে দলের কাছে আবেদনও করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ইতোমধ্যেই সঞ্জুকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তবে তার অন্য কোনো দলে যোগ দেওয়া পুরোপুরি নির্ভর করবে রাজস্থানের সিদ্ধান্তের ওপর।

২০১৩ সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। তবে ২০১৬ ও ২০১৭ সালে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে খেলেছেন। ওই দুই বছর রাজস্থানকে আইপিএল থেকে স্থগিত করেছিল বিসিসিআই। ২০১৮ সালে রাজস্থান ফেরার পর সঞ্জু পুরনো দলে ফিরে আসেন। ২০২১ সাল থেকে তিনি রাজস্থানের অধিনায়ক। তাই সঞ্জুর দল ছাড়ার অনুরোধে রাজস্থান কর্তৃপক্ষ কিছুটা চিন্তিত।

ভারতীয় গণমাধ্যম দাবি করছে, আইপিএলের গত আসরে দলের সঙ্গে সঞ্জুর দূরত্ব তৈরি হয়েছিল। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও মতবিরোধ ছিল বলে খবর। এসব কারণেই সঞ্জু আর রাজস্থানের হয়ে আইপিএল খেলতে আগ্রহী নন। গত আইপিএলের পরই তিনি রাজস্থান ছাড়তে চেয়েছিলেন। এরপর গত জুনে রাজস্থানের রিভিউ মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে সঞ্জুর ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আইপিএলের নিয়মানুযায়ী, প্রতি মেগা নিলামে ক্রিকেটার ও দলের মধ্যে তিন বছরের চুক্তি হয়, যার কারণে একতরফাভাবে ক্রিকেটার দল ছাড়তে পারেন না। সর্বশেষ মেগা নিলামে সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে সঞ্জুকে ধরে রেখেছিল রাজস্থান, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে দল চাইলে নিলামের আগে ক্রিকেটারকে বিক্রি বা ছাড়তে পারে। অন্য দল যদি সরাসরি যোগাযোগ করে, রাজস্থান বিষয়টি বিবেচনা করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে যে, সঞ্জুকে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই তাকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে ভাবছে। অন্যদিকে সঞ্জুকে পেলে ওপেনার, অধিনায়ক ও উইকেটকিপারের সমস্যা ঘুচবে নাইট রাইডার্সের। তবে কিছু সংবাদমাধ্যমের দাবি, রাজস্থান চেন্নাইয়ের কাছে সঞ্জুকে বিক্রি করতে পারে এবং বিনিময়ে চেন্নাইয়ের দুই ক্রিকেটার নিতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত