শিবালয়ে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৩ হাজার টাকা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। 

গ্রেফতারকৃতরা হলেন- ভাকলা গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের মো. নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশ সরকার (৩০), কাতরাসিন গ্রামের মো. রাজীব মিয়া (২৮), রুপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), হরিরামপুর উপজেলার মো. শামীম দেওয়ান (২৭) ও জুনিকালসা গ্রামের মো. রাজা মোল্লা (৪৫)।

ডিবি জানায়, বৃহস্পতিবার শিবালয়ের ভাওয়ালকান্দি গ্রামের নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে ও টেপড়া–উলাইল সড়কে অভিযান চালানো হয়। এ সময় আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ পিস, নাঈমের কাছ থেকে ৫০ পিস, সুধাংশ সরকারের কাছ থেকে ৩০ পিস, শামীম দেওয়ানের কাছ থেকে ২০ পিস এবং রাজা মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দুই আসামি রাজীব মিয়া ও রানা আহাম্মেদ ইয়াবা বিক্রয়ে সহায়তা করছিলেন। 

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পরিদর্শক মোশাররফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত