আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:২৪ এএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোক্তাদের সহায়তা দিতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার (১০ আগস্ট) থেকে এ কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩০ দিন (শুক্রবার বাদে) এ পণ্য বিক্রি হবে। চট্টগ্রাম মহানগরীতে থাকবে ২৫টি ট্রাক, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি এবং পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ৫টি করে ট্রাক। এসব জেলার কার্যক্রম চলবে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ ১৯ দিন।

প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন। এজন্য কোনো কার্ডের প্রয়োজন হবে না। ভোক্তারা ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন ২৩০ টাকায়, ১ কেজি চিনি ৮০ টাকায় এবং ২ কেজি মশুর ডাল ১৪০ টাকায়।

এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য আলাদা নিয়মিত কার্যক্রমও চালু রয়েছে। কার্ড দেখিয়ে নির্ধারিত ডিলারের কাছ থেকে তারা ৫ কেজি চাল (প্রতি কেজি ৩০ টাকা), ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১০০ টাকা), ২ কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা) ও ১ কেজি চিনি (৭০ টাকা) নিতে পারবেন। সব মিলিয়ে এই প্যাকেজের দাম পড়বে ৫৪০ টাকা।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত