একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল বাবুকে ২০০৭ সালে বৈশাখী টিভির অফিসে ১০ কোটি টাকা চাঁদা দাবি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিউল আমিন আসামি মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আবেদন মঞ্জুর করে।
গত বছর ১৭ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।
চলতি বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির, মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় এ মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৭ মার্চ মোজাম্মেল বাবুসহ অন্যরা বৈশাখী টিভির অফিসে আসেন। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করে এবং বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর নেয় এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে চলে যায়।
