নেতানিয়াহুর ওপর আস্থা নেই ইসরায়েলি অর্থমন্ত্রীর

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

গাজা সিটি দখলে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সিদ্ধান্তে বিরুদ্ধে খোদ ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। গতকাল শনিবার রাতে রাস্তায় নেমে তারা গাজা সিটিতে দেশটির নতুন সামরিক অভিযান পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। দেশব্যাপী এই বিক্ষোভে সাধারণ জনগণসহ অনেক নিরাপত্তা বিশ্লেষকও অংশ নেন।

এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজ মন্ত্রিসভার মধ্যেই এই পরিকল্পনা নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ গতরাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান, তিনি নেতানিয়াহুর ওপর থেকে আস্থা হারিয়েছেন।

ভিডিও বক্তব্যটি এএফপি অনুবাদ করে প্রকাশ করেছে। যেখানে স্মোটরিচ বলেন, ‘আমি আর বিশ্বাস করি না— প্রধানমন্ত্রী নেতানিয়াহু আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-কে বিজয়ে নেতৃত্ব দিতে পারবেন।’

নতুন গাজা পরিকল্পনা নিয়ে স্মোটরিচ বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দুর্বলতার কাছে আত্মসমর্পণ করেছেন। আবেগ প্রাধান্য পেয়েছে যুক্তির উপর, এবং তারা আবারও একই ভুল সিদ্ধান্ত নিয়েছেন—একটি সামরিক অভিযান শুরু করা হয়েছে যার লক্ষ্য সম্পূর্ণ বিজয় নয়, বরং হামাসের উপর সীমিত চাপ প্রয়োগ করে একটি আংশিক জিম্মি মুক্তি চুক্তির দিকে এগোনো।’

স্মোটরিচের মন্তব্য এবং জনগণের বিক্ষোভ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, নেতানিয়াহুর গাজা নীতির বিরুদ্ধে ইসরায়েলি রাজনীতি ও সমাজে চাপা ক্ষোভ ক্রমেই প্রকাশ্য হয়ে উঠছে।

এখন দেখার বিষয়, এই রাজনৈতিক বিভাজন এবং বিক্ষোভ আগামী দিনে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর কী ধরনের প্রভাব ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত