অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৭তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এএইউবি এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার সভাপতিত্ব করেন।
সভার প্রারম্ভে সভাপতি পরম করুণাময়ের অসীম অনুগ্রহ এবং সকলের একনিষ্ঠ সহযোগীতায় এ উচ্চতর শিক্ষালয়টিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়াসে সকলের ক্রমাগত প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, একাডেমিক কাউন্সিল কেবল একটি নীতিনির্ধারণী ফোরাম নয়, বরং এটি এমন এক সৃজনশীল বুদ্ধিবৃত্তিক পরিসর, যেখানে আমাদের জাতীয় অগ্রগতির রূপরেখা নির্ধারিত হয়। প্রযুক্তি উৎকর্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কেবল ডিগ্রীর মধ্যে সিমাবদ্ধ না রেখে বরং জীবন ও সমাজ গঠনের উপযোগী শক্তিশালী ভিত্তি গড়ে তোলার উপর তিনি জোর দেন। এরই ধারাবাহিকতায়, সভায় এএইউবি এর বর্তমান পাঠ্যক্রম আরো যুগোপযোগী এবং হালনাগাদকরণ, সর্বাধুনিক শিক্ষা-পদ্ধতি গ্রহন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার পরিসর সম্প্রসারণে আরো উদ্যেগী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলেন যে, সাম্প্রতিক সময়ে অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক একাধিক কৌশলগত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো গবেষণাভিত্তিক শিক্ষার পরিধি বিস্তার, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশীপকে আরও শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার লক্ষ্যে আভিযানিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি। অতঃপর সম্মানিত সভাপতি গত ১৭ মার্চ অনুষ্ঠিত ১৬তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অদ্যাবধি বিশ্ববিদ্যালয় কর্তৃক কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সদস্যবৃন্দের জ্ঞাতার্থে উপস্থাপন করেন।
এরপর একাডেমিক কাউন্সিল সভায় সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি বিমান বাহিনী, এমআইএসটি, বিএটিসি, বিএমইউ এবং সিএএবি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
