নিষিদ্ধ পলিথিন রোধে র‌্যাবের বাজার পরিদর্শন

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মহাপরিচালক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ‘এই কার্যক্রম শুধু একটি সরকারি উদ্যোগ নয়, এটি একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে।’

সোমবার (১১ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন র‌্যাব সদস্যরা। দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

এরপর র‌্যাবের মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস ও প্রশাসন), র‌্যাব ফোর্সেসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। এই চক্রকে চিহ্নিত করতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, রাজধানীর গুলশান, মিরপুর, কেরাণীগঞ্জ, উত্তরা ও টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষীদের জরিমানা ও সাজা দেওয়া হচ্ছে। জনগণকে পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বয়ে এই অভিযান চালানো হচ্ছে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মহাপরিচালক বলেন, ‘একটি দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গঠনে অবৈধ পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধে জনগণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।’

পলিথিন বিরোধী অভিযানের পাশাপাশি সন্ত্রাস দমন, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে বলেও মহাপরিচালক উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত