চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নিজাম উদ্দিনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চাঁদা দাবির অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দলটি।
দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নিজাম উদ্দিনকে সাময়িকভাবে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পাশাপাশি, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনকে।
গত রবিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যাতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দর-সংক্রান্ত আন্দোলন বন্ধের বিনিময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। ভিডিওটি তোলা হয়েছিল আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের সময়। এ ঘটনায় গত সোমবার চট্টগ্রাম নগর কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
এ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, এগুলো পুরনো ও পরিকল্পিতভাবে ভাইরাল করা ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। আমি দলকে প্রয়োজনীয় ব্যাখ্যা দেব।
প্রসঙ্গত, গত ৫ জুলাই এক নারী চট্টগ্রামের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন যে, নিজাম উদ্দিন তার কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তখন নিজাম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। এ ঘটনায় তার পদস্থগিত করা হলেও পরে তা ফিরিয়ে দেওয়া হয়।
