সিপিএলে আবার সাকিব, খেলবেন অ্যান্টিগা ফ্যালকন্সে

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:৪০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকার পর এবার আবারো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে ফিরে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে যোগ দিয়েছেন সাকিব। সিপিএলে এটা তার চতুর্থ দল। এর আগে তিনি বার্বাডোস, জ্যামাইকা এবং গায়ানার হয়ে খেলেছেন।

দলের পক্ষ থেকে প্রকাশিত একটি ছোট ভিডিওতে সাকিব তার অনুভূতি ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, "এখানে ফিরে পেয়ে অনেক ভালো লাগছে। অ্যান্টিগায় যোগ দিচ্ছি। দারুণ এক্সাইটেড এবং সিপিএল খেলতে মুখিয়ে আছি। আগেও বেশ কয়েকবার এখানে খেলেছি, আশা করছি এবছরও আমার জন্য ভালো হবে।"

তিনি আরও বলেন, "আমাদের দলে ভালো ক্রিকেটার রয়েছে, মাঠের ভেতর- বাইরে দুই-ই। (পল) নিজান, কার্লি অ্যাম্ব্রোসের সাথে ড্রেসিংরুম শেয়ার করব। তরুণরাও দলে আছে। যদি আমরা ভালোভাবে মিশতে পারি, তাহলে একটি সফল টুর্নামেন্ট কাটানোর আশা করছি।"

ব্যাটার নাকি বোলার হিসেবে তার দক্ষতা নিয়ে প্রশ্নে সাকিব জানান, "তাদের কাজ করতে দিন। আমি চাই দূর থেকেই দলকে সর্বোচ্চ অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি ক্রিকেটারের সাথে একই স্টেডিয়ামে খেলা দারুণ অনুভূতি। আশা করছি উনার সাথে দেখা হবে এবং অনেক কিছু শিখতে পারব।"

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৫ আগস্ট ভোর ৫টায় সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা দল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত