প্লট বরাদ্দে দুর্নীতি

হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুদকের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। তারা হলেন-সালাহউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

এ মামলাগুলোতে শেখ হাসিনা পরিবারের বাইরে অন্য আসামিরা হলেন-সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।

দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজউকের নীতিমালা লঙ্ঘন করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্লট বরাদ্দ নিয়েছে। দুদকের কর্মকর্তারা আদালতে এ তথ্য উপস্থাপন করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন করা হয়। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে আসামিরা পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত