টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম সিরিজেই বাজিমাত করেছেন শুবমান গিল। তার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে রোমাঞ্চকর সিরিজ ড্র করেছে ভারত। এবার তার নেতৃত্বেই ভারতের এশিয়া কাপে খেলার সম্ভাবনা আছে। বার্তা সংস্থা পিটিআই দাবি করেছে, চোট কাটিয়ে ফেরা সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে। আগামী ১৯ বা ২০ আগস্ট নাগাদ এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারত।
এদিকে চোট সারিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নেটে ব্যাটিং শুরু করেছেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপের স্কোয়াড নির্বাচন নিয়ে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইয়ের নির্বাচক কমিটিকে। তবে গত বছর জুলাইয়ে সূর্যকুমার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর ভারত এই সংস্করণে যেভাবে সাফল্য পেয়েছে, স্কোয়াড নির্বাচনে নির্বাচকদের সেই ধারাবাহিকতা বজায় রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে পিটিআই।
ভারতের প্রধান পেস বোলার জসপ্রিত বুমরা এশিয়া কাপের দলে থাকবেন। তবে ওয়ার্কলোড কমাতে অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। পিটিআই জানিয়েছে, ভারতের টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে শীর্ষ পাঁচ ব্যাটার- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়াকে পরীক্ষা-নিরীক্ষার ইচ্ছা নেই নির্বাচক কমিটির। তাই সাই সুদর্শন, জসশ্বী জয়সওয়ালকে হয়তো অপেক্ষা করতে হবে।
লোকেশ রাহুল ওয়ানডেতে প্রথম পছন্দ থাকলেও এশিয়া কাপের দলে সুযোগ নাও পেতে পারেন। কারণ, তিনি ভারতের টি-টোয়েন্টি মিডল অর্ডারের পরিকল্পনায় নেই। উইকেটকিপার হিসেবে পছন্দের শীর্ষে আছেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় কিপার হতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলকে। ইংল্যান্ড সিরিজে চোট পাওয়া নিতিশ কুমার রেড্ডি সম্ভাব্য একাদশে নেই। তবে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ অল-রাউন্ডার হিসেবে দলে ঢুকতে পারেন শিবম দুবে।
পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জসপ্রিত বুমরা। সঙ্গে থাকবেন আর্শদীপ সিং আর প্রসিদ্ধ কৃষ্ণা ও ফর্মে থাকা হর্ষিত রানার মধ্যে একজন। স্পিন বিভাগে থাকতে পারেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব অথবা বরুন চক্রবর্তী। তবে টপ অর্ডারে পরিবর্তন না আনলে ইংল্যান্ড সিরিজে ৭৫৪ রান করা শুবমান গিলেরও তো স্কোয়াডে আসার সুযোগ নেই। এজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
ভারতের সম্ভাব্য এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুবমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা/প্রসিদ্ধ কৃষ্ণা, জিতেশ শর্মা/ধ্রুব জুরেল।
পাকিস্তানের সম্ভাব্য এশিয়া কাপ স্কোয়াড: সাইম আইয়ুব, বাবর আজম/ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, সালমান মির্জা, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, নাসিম শাহ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।
ক্রিকেটের চেয়ে বিসিবি নির্বাচনেই বেশি মনোযোগ ছিল ফারুকের: ক্রীড়া উপদেষ্টা
‘কোহলি-রোহিত ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন’