সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি সেশন কোর্টে তাদের বিরুদ্ধে এ অভিযোগপত্র দায়ের করা হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, আসামিদের মধ্যে একজন মো. মামুন আলী (৩১) ফেসবুকে ‘সাহিফুল্লাহ ইসলাম’ নামে একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
যেখানে বলা হয়, ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে তিনি এই কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
এই অভিযোগটি দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারার অধীনে গঠিত হয়েছে, যার সর্বোচ্চ সাজা আজীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় আসামি রেফাত বিশাতকে (২৭) চলতি বছরের ১০ জুলাই লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনে আইএস পতাকার একটি ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগটি দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে গঠিত, যার অধীনে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড এবং সংশ্লিষ্ট বস্তু বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
বিচারক দাতুক আহমদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন, যেদিন তাদের জন্য দোভাষী নিয়োগের বিষয়টি দেখা হবে।
মামলার পক্ষ হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মরিয়ম জামিলাহ আব মানাফ এবং নূর আইনা রিজওয়ান।
উল্লেখ্য, দুই আসামিই বর্তমানে কোনো আইনজীবীর সহায়তা পাচ্ছেন না।
