ধর্ম উপদেষ্টা

নির্বাচনের সময় দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৪২ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা-ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকতো। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক প্রমুখ।
.

×
সর্বশেষ সর্বাধিক পঠিত