কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামকে হুমকি দেওয়া এবং নাঙ্গলকোটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন আয়োজনের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এ নোটিশে গফুর ভূঁইয়াকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের অনুলিপি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ককে পাঠানো হয়েছে।
২০০১ সালে নাঙ্গলকোট থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া গফুর ভূঁইয়া বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য।
নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গফুর ভূঁইয়ার বক্তব্য ভাইরাল হয়। এছাড়া, ১১ ও ১২ আগস্ট নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির ইউনিয়ন সম্মেলন আয়োজনের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদে আব্দুল গফুর ভূঁইয়া, মীর আবু সালেহ শামসুদ্দীন এবং ইসরাত সুলতানা সুমীরকে প্রস্তাব করা হয়েছিল। পরে বোর্ড মীর আবু সালেহ শামসুদ্দীনকে সভাপতি নির্বাচিত করে।
এ খবর পেয়ে গফুর ভূঁইয়া ক্ষুব্ধ হয়ে ফোনে বোর্ড চেয়ারম্যানকে গালাগাল ও হুমকি দেন। নোটিশে দাবি করা হয়, তিনি বলেছেন, আপনাকে এ চেয়ারে কে বসিয়েছে, তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। পরে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সভাপতি করা হলে পরিস্থিতি শান্ত হয়।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি ইতিবাচক ধারার প্রতি বিশ্বাসী। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের প্রতিবেদন আমাদের নজরে এলে আব্দুল গফুর ভূঁইয়াকে নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, নোটিশ পেয়েছি, সময়মতো জবাব দেব।
