নুরুল হক নুর

জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, নির্বাচন না-ও হতে পারে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:২১ এএম

জাতীয় ঐক্যে বিভাজন দেখা দিয়েছে, তাই সময়মতো নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্যমতের সংহতিতে এখন দখলবাজি, চাঁদাবাজি ও বিভাজন দেখা দিয়েছে। এতে ফ্যাসিবাদের সুযোগ তৈরি হবে এবং সময়মতো নির্বাচন না-ও হতে পারে।’

তিনি বলেছেন, ‘জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে—সেটি নয়, বরং জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকে দিতে হবে। আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হিসেবে হতে হবে। উচ্চকক্ষে সকল দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চের মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, তার প্রাপ্তির চেয়ে অপাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।

সরকারের প্রতি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা ও সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করা, জেলা পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে কমিশন গঠন, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন এবং নিরাপদ-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদ্যোগ নিতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশরাফুল হাসান তপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মুঞ্জুর মোরশেদ, জেলা সাধারণ সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, জিহাদ হোসেন লিটনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত