মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-মানিকগঞ্জ সদর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
পরিদর্শক মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলার চলমান তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আর এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা, অবরোধ ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এদিকে জুয়েলের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার সমর্থকরা দাবি করেছেন, এটি রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার।
পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
