রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম

রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেনাবাহিনীর একটি দল আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থল নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টরস ইংলিশ নামের প্রতিষ্ঠানটি। এটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাসূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকি-টকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত