লা লিগার নতুন মৌসুমে শুভ সূচনা হলো বার্সেলোনার। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা, স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস এবং ১০ নম্বর জার্সি পরা তরুণ তারকা লামিনে ইয়ামাল।
শনিবার রাতে মায়োর্কার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা একটু ধীরগতির হলেও সপ্তম মিনিটেই গোল পায় বার্সেলোনা। ইয়ামালের ডান দিক থেকে নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন রাফিনহা। এরপর ২২তম মিনিটে ফেররান তরেস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ইয়ামালের শট প্রতিহত হওয়ার পর বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন তরেস।
ম্যাচের গতি পাল্টে দেয় মায়োর্কার দুইজন খেলোয়াড়ের বহিষ্কার। ৩৩তম মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোর্লানেস। এরপর ৩৯তম মিনিটে মারাত্মক ফাউলের করে সরাসরি লাল কার্ড দেখেন ভেদাত মুরিচি। এই দুই কার্ডের ফলে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
সংখ্যাগত ঘাটতির কারণে মায়োর্কা রক্ষণাত্মক খেলায় মন দেয়। যদিও দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ইয়ামাল চমৎকার এক একক প্রচেষ্টায় নিজের ট্রেডমার্ক বাঁকানো শটে গোল করে জয় নিশ্চিত করেন।
এই গোল দিয়েই বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে মৌসুম শুরু করলেন ইয়ামাল। তরুণ এই উইঙ্গারের পারফরম্যান্সে খুশি কোচ হান্সি ফ্লিকও। নতুন মৌসুমে শক্তিশালী শুরু বার্সেলোনাকে আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
খারাপ পারফরম্যান্সে বেতন কমছে বাবর-রিজওয়ানদের!
হামজা মাঠে নামার পর হেরে গেলো লেস্টার সিটি