রাজশাহীতে সেনা অভিযানে গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে 

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

রাজশাহী নগরীর কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত অনিন্দ্য ও তার দুই সহযোগীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ তাদের মহানগর দায়রা জজ আদালত-২ এ হাজির করে ৭ দিনের রিমাণ্ডের আবেদন জানায়।

শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ প্রত্যেকের ৫ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ এসআই রেজাউল করিম বাদী হয়ে অনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করে। অস্ত্র, বিস্ফোরক  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করা হয়।

এদিন নগরীর কাদিরগঞ্জ এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারের মালিক মোন্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী রবিন ও ফয়সালকে আটক করা হয়।

অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক দূরবীন ও স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, সামরিক জিপিএস, টিজারগান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি, দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসময় বিস্ফোরণের কাজে ব্যবহৃত বেশ কিছু নাইট্রোজেন কার্টিজ বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত