দেশের চিকিৎসকদের নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন ও দুঃখ প্রকাশ করেন।
পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“ডাক্তার প্রসঙ্গ- গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোয্য না। বলেছি, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ ষ্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে।”
তিনি বলেন, “পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশী টেষ্ট করতে দেয়া বা ঔষুধ কোম্পানীর সাথে যোগযোগ- আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়।”
ওই পোস্টে ড. আসিফ নজরুল আরও বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ একশ্রেনীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না। আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচন্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এদেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি এজন্য দু:খ প্রকাশ করছি। তবে কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধও তাদের কাছে করছি।”
