আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ মামলার বিচার চলছে।
আজ সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকাল রবিবার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এদিন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ ও মিজান নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন। অষ্টম সাক্ষী হিসেবে খুলনার শিক্ষার্থী নাঈম শিকদারও ট্রাইব্যুনালে তার বক্তব্য রাখেন।
এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর সময় জীবিত অবস্থায় পুড়ে যাওয়া শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শোকাহত কণ্ঠে সাক্ষ্য দেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও সাক্ষ্যগ্রহণ ধারাবাহিকভাবে চলছে।
