ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্তকরণের পর্যায়ে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) সংক্রান্ত ষষ্ঠ দফা বৈঠক স্থগিত করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, ২৫ থেকে ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও তারা সফর বাতিল করেছে।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে দুই দেশ একটি ছোট পরিসরের বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়। মূল জটিলতা দেখা দেয় যুক্তরাষ্ট্রের কৃষি ও দুগ্ধজাত পণ্যে শুল্ক কমানোর দাবিকে ভারত প্রত্যাখ্যান করার কারণে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জেনেটিক্যালি মডিফায়ড (জিএম) খাদ্যপণ্যের আমদানি অনুমোদন করবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, দেশের কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না। তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে ক্ষতিকর কোনো নীতির সামনে আমি দেয়াল হয়ে দাঁড়াবো।’

বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মৌখিকভাবে সফরে অক্ষমতার কথা জানিয়েছেন। এর ফলে দুই দেশ যৌথভাবে বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করবে।

চলতি বছরের মার্চে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার সূচনা হয়। প্রথম ধাপ অক্টোবর-নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও এরই মধ্যে একাধিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন, কাট-অ্যান্ড-পলিশড রত্নপাথর, টেক্সটাইল ও ওষুধ। ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে বিশেষ করে শ্রমনির্ভর টেক্সটাইল খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, রপ্তানিকারকদের মনোবল বজায় রাখা এখন জরুরি। তিনি বলেন, ‘সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বিকল্প বাজার খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত