শেবাচিমে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) তৃতীয় দিন চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। গত রবিবার থেকে তারা এই কর্মবিরতি পালন করছেন, কারণ তারা নিরাপত্তা নিশ্চিত এবং গত সংঘর্ষে হামলাকারীদের গ্রেফতার দাবি জানাচ্ছেন।

বরিশালে স্বাস্থ্যসেবা খাতের সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই রবিবার সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও শেবাচিমের কর্মকর্তা-কর্মচারীরা। ওইদিন ইট-পাটকেল নিক্ষেপে ইনডোর মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ কুমার আহত হন।

এর আগে, বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ঘটে। এসব ঘটনার প্রতিবাদ এবং কর্মস্থলে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা অবিরাম ধর্মঘট শুরু করেন।

ধর্মঘটের কারণে গত তিনদিন ধরে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগীরা ইনডোর ও আউটডোর সব বিভাগের সেবা পাচ্ছেন না।

শেবাচিমের মিড লেভেল ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, ‘অবিরাম কর্মবিরতির মধ্যেও জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু রাখা হয়েছে। পরিচালক মহোদয়ের অনুরোধে ইনডোর-আউটডোরে আমাদের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তা না থাকলে আমরা কীভাবে কাজ চালাব?’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির জানান, ‘জরুরি সেবা স্বাভাবিকভাবে চলছে। হামলা ও মারধরের পর ডাক্তাররা ভয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। পরে পুলিশ প্রহরায় জরুরি চিকিৎসা চালু করা হয়। সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। আশা করি, খুব শিগগিরই ইন্টার্ন ডাক্তাররা কাজে ফিরবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত