মাধবপুরে টমটম চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৭ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টমটমচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম হারুনুর রশিদ তুষার (২২)। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, নিজ বাড়িতে টমটমের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত