আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল এবং সমস্ত যাত্রী আফগান নাগরিক ছিলেন। তাঁর মতে, বাসটির অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনার আরও বিস্তারিত জানিয়ে ইউসুফ সাইদি বলেছেন, বাসটি প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এর কয়েক মিনিটের মধ্যেই বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে অনেক নিহত ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাক চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী—চারজন ব্যতীত বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। বাসের মাত্র তিনজন যাত্রী জীবিত বেঁচে গেছেন।
দুর্ঘটনার শিকার যাত্রীরাও ইরান থেকে ফিরে আসা আফগান শরণার্থী ছিলেন। চলতি বছরের শুরুতে ইরানের সরকার তাদের নিজ দেশে ফেরার নির্দেশ দেয়, যার ফলে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান শরণার্থী আফগানিস্তানে ফিরে এসেছেন।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনার ঘটনা বিরল নয়। দেশের দুর্বল সড়ক যোগাযোগ, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
নাইজেরিয়ায় ফজরের নামাজে গুলিবর্ষণ, নিহত ২৭