তিস্তায় ভাসানী সেতুর যাত্রা শুরু

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।

এ সেতুর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রামের চিলমারী সদরের সড়ক যোগাযোগ সহজ হলো।

বুধবার সকাল থেকেই গাইবান্ধা ও কুড়িগ্রামে তিস্তার দুই পাশে লাখো মানুষের ঢল নামে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের সেতুর উদ্বোধনই ছিল তাদের একমাত্র উপলক্ষ।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সেতুর ফলক উন্মোচন করেন। তিনি বলেন, এতদিন আগ্রাসনের নামে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে দেশ। আর মাথানত করা হবে না, ন্যায্য হিস্যার লড়াই চলবে।

২০১৪ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুর পাশাপাশি নদীতীর রক্ষার কাজও শেষ হয়েছে। সেতু চালুর ফলে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের প্রত্যাশা স্থানীয়দের।

মাওলানা ভাসানী সেতুর কারণে ঢাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার দূরত্ব অন্তত ৫০ কিলোমিটার কমবে।

বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে ৯২৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত