আবার জেমস বন্ড হচ্ছেন ব্রসনান!

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৩ এএম

‘০০৭’- এই সংখ্যা দেখে নস্টালজিয়ায় ফিরে আসতে পারে সিনেমাপ্রেমীদের অনেকে। বিশেষ করে জেমস বন্ড ভক্তরা। বইয়ের পাতা হোক বা রুপালি পর্দা; জনপ্রিয় সেই ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ‘জেমস বন্ড’ আবারও বড় পর্দায় ফিরবে এমনই গুঞ্জন। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতেও কি সেই চিরচেনা আমেজ ফিরিয়ে আনতে পরিচালক ভরসা রাখবে এই চরিত্রের অভিনেতা পিয়ার্স ব্রসনানের ওপর?

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে হলিউডের বর্ষীয়ান অভিনেতা পিয়ার্স ব্রসনান ফের জেমস বন্ড চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয় ৭২ বছর বয়সী আমাকে এই চরিত্রে দর্শক সেভাবে আর গ্রহণ করবে না। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির পরিচালকের যদি আমাকে নিয়ে ছবির জন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে আমি অবশ্যই তাতে অংশ নেব।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এই চরিত্রে নতুন কোনো অভিনেতা অভিনয় করছেন তা জানার জন্য আমি মুখিয়ে রয়েছি। এই প্রজন্মের অনেক যোগ্য অভিনেতা রয়েছেন যারা এই চরিত্রকে বরাবরের মতোই স্বমহিমায় তুলে ধরার ক্ষমতা রাখেন তাদের অভিনয়ের মাধ্যমে।’

১৯৯৫ থেকে ২০০২ সাল। এই সময়ের মধ্যেই জনপ্রিয় এই ব্রিটিশ গোয়েন্দা চরিত্রে অভিনেতা পিয়ার্স ব্রসনান তুমুল জনপ্রিয়তা পান। জনপ্রিয় সেই চরিত্রকেই ফের বড় পর্দায় ফিরিয়ে আনার কথা প্রকাশ্যে আনেন পরিচালক ডেনিস ভিলেনেউভ চলতি বছরের জুন মাসে। তিনি নিজে ‘জেমস বন্ড’ চরিত্রের একজন বড় ভক্ত। এখন দেখার পালা, নতুনভাবে পর্দায় ‘জেমস বন্ড’ চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে!

সর্বশেষ সর্বাধিক পঠিত