মানিকগঞ্জের শিবালয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে তসলিম উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা গ্রামে প্রভাতী ফ্রি ক্যাডেট স্কুলের পেছনের ডোবায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তসলিম উদ্দিন জামসা গ্রামের বাসিন্দা। তিনি অসুস্থ ছিলেন এবং লাঠির সাহায্যে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতে ছিলেন। পরদিন সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুদিন পর বাড়ির উত্তর পাশে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
ঘটনা বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরোও বলেন, ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তবে তার নিখোঁজের বিষয়ে থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
নারায়ণগঞ্জে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার