আর একটা পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, প্রকৃতিকন্যা নামে পরিচিতি সিলেটের প্রকৃতি যেমন আছে তেমনই রাখতে হবে। পর্যটনকেন্দ্র সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনা হবে। লুণ্ঠিত পাথর উদ্ধার করে সেখানে প্রতিস্থাপন করা হবে এবং পাথর লুটে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে আর পাথর লুট না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে সিলেটে যোগদান করেই বিকালে সাদা পাথর পরিদর্শনে যান নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জে পাথর ভাঙার কয়েকটি মিলও পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং কয়েকটি মিলের পাথর জব্দের নির্দেশ দেন। এসময় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, পাথরগুলো যেখানে যে অবস্থায় আছে সেভাবেই থাকবে, একটা পাথরও সরালে জীবন ঝালাপালা করে দেব।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাদা পাথর পর্যটনকেন্দ্রে নজিরবিহীন পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওএসডি করে র‌্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। বৃহস্পতিবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা। এই প্রকৃতি যেনো প্রকৃতির মতোই থাকে। আমি সেভাবেই কাজ করতে চাই। সকলের সমর্থন পেলে আমাকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই আছি আর আগামীতেও তেমনই থাকব।  

সারওয়ার আলম বলেন, এটি আমার সৌভাগ্য যে পুণ্যভূমি সিলেটের জেলা প্রশাসক হিসেবে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার জন্য, এই জেলার মানুষের জন্য কাজ করে যেতে।

সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হলে প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত