সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট ল' কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি একটি নাশকতা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও জানান তিনি। তিনি নাশকতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।