টিভিতে কথা বলে মিলল ২৭ লাখ টাকার বাইক

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বসবাসকারী একজন অবসরপ্রাপ্ত দমকলকর্মী হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন।

কারণ, একটি রুশ মোটরসাইকেল নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর তিনি পেয়েছেন প্রায় ২৭ লাখ টাকা (২২ হাজার মার্কিন ডলার) মূল্যের একদম নতুন একটি বাইক—যা উপহার হিসেবে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে।

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের বাসিন্দা মার্ক ওয়ারেন, যিনি আগে অগ্নিনির্বাপণ দপ্তরে পরিদর্শক হিসেবে কাজ করতেন, পুরোনো ইউরাল ব্র্যান্ডের একটি সোভিয়েত আমলের মোটরসাইকেলে চড়েই গিয়েছিলেন বাজারে।

ঠিক তখনই এক রুশ টেলিভিশন দলের সঙ্গে দেখা হয়ে যায় তার। তাদের অনুরোধে ওয়ারেন কিছুক্ষণ কথা বলেন মোটরসাইকেলটির যন্ত্রাংশ জোগাড়ে ভোগান্তি নিয়ে। সেই ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওয়ারেন নিজেও বুঝে উঠতে পারেননি, এত সাধারণ একটি সাক্ষাৎকার এতটা আলোচনার জন্ম দেবে। তিনি বলেন, "আমি তো কোনো সেলিব্রেটি না, শুধুই একজন সাধারণ মানুষ। সম্ভবত বাইকটা এবং আমার গল্পটাই তাদের মনে ধরেছে।"

টিভি সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার কিছুদিন পর, এক সাংবাদিক ওয়ারেনকে জানায় যে তার জন্য একটি নতুন বাইক পাঠানো হচ্ছে। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। তবে কিছুদিন পর একটি হোটেলের পার্কিং লটে তাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ব্যক্তি—যাদের চেহারায় রাশিয়ার প্রতিনিধিদের পরিচিত ছাপ।

সেখানে দাঁড়িয়ে ছিল একদম নতুন জলপাই-সবুজ রঙের ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল (সাইডকারসহ)। কাগজপত্রে সই করার সময় ওয়ারেন জানতে পারেন, বাইকটি ১২ আগস্ট তৈরি হয়েছিল এবং নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই এটি আলাস্কায় পৌঁছে দেওয়া হয়।

উপহারটি ওয়ারেনের হাতে তুলে দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ দূতাবাসের কর্মকর্তা আন্দ্রেই লেদেনেভ। তিনি বলেন, "এই মোটরসাইকেলটি রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি ব্যক্তিগত উপহার।"

বিশ্লেষকরা মনে করছেন, বাইক উপহার দেওয়ার এ ঘটনা শুধু মানবিক বন্ধনের নিদর্শন নয় বরং রাশিয়ার কূটনৈতিক বার্তার একটি কৌশলও হতে পারে—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক যখন বেশ স্পর্শকাতর অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত