ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ধারাবাহিকভাবে ব্যর্থতার ঘানি টেনে যাচ্ছেন সাকিব আল হাসান। প্রথমবার দুই ওভার বোলিংয়ের সুযোগ পেয়েও সফল হতে পারেননি। খরচ করেছেন ১৬ রান। অন্যদিকে ৪৬ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের কাছে ৮৩ রানে হেরেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে গায়ানা তোলে ২১১ রান। জবাবে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও হতাশ করেছেন সাকিব। পাঁচে নেমে ৭ বলে করেন ৮ রান, ইমরান তাহিরের বলে ফেরেন স্টাম্পিং হয়ে। এবারের আসরে ৪ ইনিংসে তাঁর মোট রান ৩৯, আর বল হাতে উইকেট মাত্র একটি।
অন্যদিকে ইমরান তাহির ছিলেন ঠিক বিপরীত। ৪৬ বছর বয়সী এই প্রোটিয়া তারকা ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাহিরের এটি সেরা বোলিং ফিগার। আজ তার শিকার হয়েছেন সাকিব আল হাসান, অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির এবং ওবেদ ম্যাকয়।
এর আগে গায়ানার ইনিংসে আলো ছড়ান ব্যাটাররা। শাই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ইনিংস, শিমরন হেটমায়ার ২৬ বলে করেন ঝোড়ো ৬৫ রান। শেষদিকে রোমারিও শেফার্ড যোগ করেন ৮ বলে ২৫ রান। ফ্যালকনসের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন ৪ ওভারে ৬১ রান দেওয়া শামার স্প্রিঙ্গার। এটাই অ্যান্টিগার হয়ে সিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
খালেদ মাহমুদ সুজন কি বিসিবি নির্বাচন করবেন?
জটার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকা লুটে নিল প্রতারকেরা!
হ্যারি কেইনের দ্রুততম হ্যাটট্রিকে বায়ার্নের দাপুটে জয়