খালেদ মাহমুদ সুজন কি বিসিবি নির্বাচন করবেন?

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে একটি নাম- খালেদ মাহমুদ সুজন। তার অনেক সমালোচনা আছে বটে; তবে এটাও সত্য যে, তিনি ক্রিকেটে নিবেদিতপ্রাণ একজন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আসন্ন বিসিবি নির্বাচনে তিনি কি অংশ নেবেন?

আগামী অক্টোবরে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট এখন সরগরম। ইতোমধ্যে বেশ কয়েকটি প্যানেলের নাম শোনা যাচ্ছে, যাতে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ এমনকী সাবেক অধিনায়ক তামিম ইকবালও আছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ইলেকশন করার চান্স কম। আর যাইতে চাই না, ভালো লাগে না।

অর্থাৎ, বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি সাবেক এই অধিনায়ক। তাছাড়া গত এক বছরে নেতৃত্ব বদলালেও বোর্ডের কার্যক্রমে তেমন কোনো উন্নতি দেখছেন না সুজন, ‘ক্রিকেট তো ক্রিকেটের মতো চলছে। বাংলাদেশের হারা-জেতা খেলারই অংশ। কিন্তু আমরা ডিসিশন মেকিং গুলা ওরকম কি দেখছি? পাপন ভাইয়ের বোর্ডে যা হয়েছিল, এখনও তাই হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কারো মুখ থেকে একটা শব্দ বের হতে দেখলাম না যে, আমাদের মাঠ দরকার, ইনডোর দরকার। পূর্বাচলের মাঠগুলোর কি একটুও উন্নতি হইছে? কিচ্ছু হয় নাই। খামোখা মাঠ দেখা, ভিজিট করা, এইটটিন, সিক্সটিন খেলা দিয়ে, ২৫ বছর পূর্তি করে উন্নতি হবে কিছু?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত