নরসিংদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:১৭ পিএম

নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাাইন হোসেন।

এর আগে ২১ আগস্ট কাউছারকে কুমিল্লার কোতোয়ালী থানার শাসনগাছা ও রাকিবকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব
মিয়া (২৫)।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে। সে নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়া থাকতেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, নিহত মোজাম্মেল নরসিংদী বাজারের সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামি কাউছার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কাজ করতেন। গত ১৮ আগস্ট মোজাম্মেল তার বন্ধু কাউছারের দোকানে যায়। সেখানে তাদের দুই জনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে মোজাম্মেল কাউছারের গালে বন্ধু সুলভ আচরণের মধ্যেই একটি থাপ্পড় মারে এবং সে কিছুটা ব্যথা অনুভব করলে তার হাতে থাকা বোতলের পানি মোজাম্মেল এর গায়ে ছুড়ে মারে। এ সময় সঙ্গে সঙ্গে মোজাম্মেল তার দোকানে চলে যায় এবং একটি পানির বোতল নিয়ে পুনরায় কাউছার এর কাছে এসে তার গায়ে পানি ঢেলে দেয়। এতে আসামি কাউছার এর ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায় এবং দোকানে থাকা কয়েকটি কাপড়ে পানি পড়ে ভিজে যায়। পরবর্তীতে আসামি কাউসার তার মোবাইল ঠিক করে দেওয়ার জন্য মোজাম্মেলকে চাপ দেয়। মোবাইল ঠিক করে দেওয়ার কথা বলতে গেলেই মোজাম্মেল কাউসারকে গালি-গালাজ করতে থাকে এবং মারধর করে। এতে কাউছার ক্ষিপ্ত হয়।  

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল বাড়ি থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। 

সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামি কাউছার ও রাকিব। এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। পরে পিবিআই এর একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ী হতে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তারকৃত কাউছার আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত