স্বপ্নের ঠিকানায় ‘রণলিয়া’ দম্পতি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:২০ এএম

বলিউড তারকা দম্পতি রণবীর ও আলিয়ার স্বপ্নের ঠিকানা এখন গৃহপ্রবেশের অপেক্ষায়। বহু দিন ধরেই তারকা জুটির এই বাড়ি নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পরে এবার সেই আকাশছোঁয়া দামের বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ল স্যোশাল মিডিয়ায়। ছ’তলা এই বাড়ি ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি দেশের আর কোনো তারকার নেই, এমনটাই জানা গেছে। এমনকি শাহরুখ খানের বাড়ি ‘মান্নত’কেও ছাপিয়ে গেছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান। বাড়িটির দাম বর্তমানে ২৫০ কোটি টাকা। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরকে লিখে দিয়েছিলেন তারা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।

পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার ও অনেকটা পুনর্নির্মাণের কাজ চলেছে কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির অন্দরসজ্জাও প্রায় শেষের পথে। সবুজে ঘেরা প্রাসাদপ্রমাণ বাড়ি থেকে দেখা যাবে আরব সাগর। অনুরাগীরা বাড়ির ঝলক দেখে মুগ্ধ। শোনা যাচ্ছে, চলতি বছর দীপাবলিতেই মেয়ে রাহাকে নিয়ে এই নতুন ঠিকানায় চলে আসবেন রণবীর-আলিয়া।

শুধু শাহরুখের ‘মান্নত’ নয়। দামের নিরিখে এই বাড়ি ছাড়িয়ে গেছে অমিতাভ বচ্চনের ‘জলসা’কে। নতুন বাড়ি নিয়ে ব্যস্ততার পাশাপাশি রণবীর ও আলিয়া তাদের আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত