রিজওয়ানকে আউট করে টি–টোয়েন্টিতে সাকিবের ৫০০ উইকেট

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম

টি–টোয়েন্টি ক্রিকেটে আরও এক অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান। স্বীকৃত টি–টোয়েন্টির ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে নেমে আজ (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৫০০তম উইকেটটি পান তিনি। পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ বানিয়ে পূর্ণ হয় সাকিবের এই স্বপ্নের মাইলফলক

শুধু ৫০০ উইকেট নয়, আরেকটি বিরল অর্জনও হলো সাকিবের। টি–টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি ৭ হাজারের বেশি রান (৭,৫৪৯) এবং ৫০০ উইকেট একসঙ্গে পেয়েছেন। এর আগে ডোয়াইন ব্রাভোই ছিলেন একমাত্র ক্রিকেটার, যিনি ৫ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক।

আজকের ম্যাচে সাকিব শুরুতে কিছুটা দুর্ভাগ্যের শিকার হলেও (একটি ক্যাচ বাউন্ডারিতে ছক্কায় পরিণত হয়), পরে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেন। একই ম্যাচে কাইল মায়ার্স ও নাভিন বিদাইসিকেও শিকার করে নেন তিনি। মাত্র ২ ওভারে ১১ রান খরচায় সাকিবের ঝুলিতে যোগ হয় ৩ উইকেট। এছাড়া রানআউটেও ভূমিকা রেখে দলের কাজে আসেন তিনি।

স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট পাওয়া বোলাররা

  • রশিদ খান – ৬৬০ উইকেট
  • ডোয়াইন ব্রাভো – ৬৩১ উইকেট
  • সুনীল নারাইন – ৫৯০ উইকেট
  • ইমরান তাহির – ৫৫৪ উইকেট
  • সাকিব আল হাসান – ৫০২ উইকেট

বাংলাদেশের ক্রিকেটে সাকিবের এই অর্জন শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও এটি নতুন এক দৃষ্টান্ত। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট—দুই দিকেই সমান আধিপত্যে সাকিব আজ এক অনন্য ক্রিকেটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত