ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলা এবং জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার আশঙ্কা থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি হয়েছে। এখন দেশটি ৬০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশে নামাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ, যা নিশ্চিত করেছে কয়েকজন ইরানি কর্মকর্তা।
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানির নেতৃত্বে দেশটি এখন আগের তুলনায় কিছুটা নরম হওয়ার চেষ্টা করছে। মূল উদ্দেশ্য—আর কোনো সামরিক হামলা যেন না হয়। তবে একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় তিনি রাজি নন।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার আগে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অস্ত্র তৈরির মতো পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। এতে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
ইতোমধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে হুঁশিয়ারি দিয়েছে—যদি আলোচনায় ফিরতে দেরি হয়, তবে আগস্টের শেষেই তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের চালু করবে।
২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান যদি নিয়ম ভাঙে তবে যেকোনো পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ তুলতে পারে। ৩০ দিনের মধ্যে সমাধান না হলে স্বয়ংক্রিয়ভাবে আগের সব নিষেধাজ্ঞা আবার চালু হয়ে যায়। এটাকেই বলা হয় ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া। এতে অস্ত্র কেনাবেচা, মালামাল পরিবহন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কড়াকড়ি আরোপ হয়।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইউরোপের তিন দেশ (ই৩) এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু আলোচনা থেকে কোনো অগ্রগতি হয়নি। আলোচনার শুরুতেই আরাঘচি ক্ষুব্ধভাবে প্রশ্ন তোলেন—ই৩ আসলে ‘স্ন্যাপব্যাক’ চালুর ক্ষমতা রাখে কি না। পরে তিনি কিছুটা সময় বাড়ানোর ইঙ্গিত দিলেও বলেন, সিদ্ধান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের, ইরানের নয়।
ফোনালাপ শেষে কালাস এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, ‘ইউরোপ সবসময় কূটনৈতিক সমাধান চায়। কিন্তু স্ন্যাপব্যাক চালুর সময় ঘনিয়ে আসছে। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের আগ্রহ অত্যন্ত জরুরি। একই সঙ্গে ইরানকে অবশ্যই আইএইএ-এর (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা) সঙ্গে পুরোপুরি সহযোগিতা করতে হবে।’
সবশেষ খবর অনুযায়ী, ইরান ও ইউরোপের তিন দেশ আগামী মঙ্গলবার ভিয়েনায় আবার বৈঠকে বসবে। সেখানেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হতে পারে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনি, অনাহারে ৮
টিভিতে আজ যেসব খেলা