আন্তর্জাতিক সূচি থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দেওয়ার পক্ষে ক্লাসেন

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন সাদা বলের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেন। সম্প্রতি এক সাক্ষাতকারে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ছেটে ফেলার কথা বলেছেন তিনি।

আগামী পাঁচ বছরে ক্রিকেটে কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন জানতে চাওয়া হলে ক্লাসেন বলেন, ‘আমার মনে হয় একমাত্র পরিবর্তন যা আমি করব তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্ভবত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাদ দেওয়া। যে দলগুলো অনেক টেস্ট খেলে না, তাদের জন্য আরও বেশি টেস্ট ম্যাচ রাখা উচিত। আরও বেশি টি-টোয়েন্টি খেলা উচিত, কারণ মানুষ সেটাই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই রাখা উচিত, আর হয়তো বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রতিটি দলের জন্য পাঁচটি ম্যাচ রাখা যেতে পারে, যাতে তারা ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।’

তিনি আরও যোগ করেন, ‘এটা ফরম্যাটে বড় কোনো পরিবর্তন নয়। মূলত আন্তর্জাতিক দলগুলোর ক্ষেত্রেই সমস্যা হবে। যদি আন্তর্জাতিক ক্রিকেটারদের যত্ন না নেওয়া হয়, তারা বাইরে চলে যাবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য বিভিন্ন লিগে খেলবে। অস্ট্রেলিয়ান আর ইংল্যান্ডের খেলোয়াড়দের দিকে তাকালে দেখা যায়, তাদের ভালোভাবে যত্ন নেওয়া হয়, তাই তাদের সারা পৃথিবী ঘুরে লিগ খেলতে হয় না।’

এক্ষেত্রে আইসিসির দায়িত্ব সম্পর্কে ক্লাসেন বলেন, ‘আইসিসির বলতে হবে, আমাদের কিছু নির্দিষ্ট খেলোয়াড় দরকার। এ জন্য তাদের পিছে একটু বেশি অর্থ খরচ করতে হবে, যাতে তারা বিশ্রাম নিতে পারে। আমি মনে করি না খেলোয়াড়দের জন্য সব লিগ আর সব ফরম্যাট খেলা টেকসই। তাই অনেক খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটকে বেশি গুরুত্ব দেবে। যারা সব ফরম্যাট খেলে, তারা লিগ খেলতে পারবে না। আর তারা যদি সব ফরম্যাটে আন্তর্জাতিক দলের হয়ে খেলে, তবে তারা একসময় নিঃশেষ হয়ে যাবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত