'পুনর্জন্ম' নেওয়া কাইও জর্জ এখন ব্রাজিলের অ্যাটাকে নতুন আশার প্রতীক

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

তরুণ বয়সেই আলো ছড়ান কাইও জর্জ। ২০১৯ সালে ব্রাজিলকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। সেখানেই সামনে আসতে শুরু করে তার প্রতিভার ঝলক।

দ্রুতই ইউরোপের নজরে আসেন কাইও। সান্তোস থেকে যোগ দেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। তবে সেখানে সুযোগ পান সীমিত, কিছু সময় ধারে খেলেন ফ্রোসিনোনেতেও। জুভেন্টাসে খেলার সময় গুরুতর চোটে পড়েন কাইও। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়। ক্যারিয়ার থমকে যাবে কিনা—সে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন। তবে সেই কঠিন সময়ে ঈশ্বর ও পরিবারের সহায়তা তাকে ভরসা দেয়, নতুন করে লড়াই করার অনুপ্রেরণা জোগায়।

ইউরোপের ব্যর্থতা কাটিয়ে ব্রাজিলে ফেরেন কাইও জর্জ। ক্রুজেইরোতে পুনর্জন্ম ঘটে তার। গোলের পর গোল করে হয়ে ওঠেন দলের ভরসা। বর্তমানে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা তিনি—২০ ম্যাচে ১৫ গোল তার প্রমাণ।

সেন্টার ফরোয়ার্ড কাইও জর্জের মূল শক্তি গোল করার প্রবল ক্ষমতা ও খালি জায়গা খুঁজে বের করার দক্ষতা। বক্সের ভেতরে যেমন কার্যকর, তেমনি দূরপাল্লার শট ও কম্বিনেশন প্লেতেও পারদর্শী। তরুণ হলেও মাঠে তার ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা চোখে পড়ে, প্রতিপক্ষের ডিফেন্সকে চাপে রাখার জন্য দৌড়ঝাঁপ ও প্রেসিংয়ে সবসময় সক্রিয় থাকেন। 

ক্লাব পর্যায়ের দুর্দান্ত ফর্ম শেষপর্যন্ত পৌঁছে দেয় জাতীয় দলে সুযোগ করে দিলো কাইওকে। বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য আনচেলত্তি ২৫ জনের দলে ডেকেছেন কাইওকে।

'একজন স্ট্রাইকারের প্রধান বৈশিষ্ট্য হলো গোল করা। আর কাইও প্রচুর গোল করছে। সে তরুণ হলেও ইতালিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমান পারফরম্যান্সই তাকে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য করেছে', কাইওর প্রশংসা করেছেন কোচ আনচেলত্তি। 

প্রথমবার ব্রাজিল দলে ঢাক পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন কাইও ইনস্টাগ্রামে পোস্টে, 'জীবন আমাকে খুব তাড়াতাড়িই পরীক্ষার মুখে ফেলেছিল। আমি গুরুতর এক চোটের শিকার হয়েছিলাম এবং ফুটবলে অনেক অনিশ্চয়তার ভেতর দিয়ে গেছি। তবে আমি কখনো একা ছিলাম না—ঈশ্বর আর আমার পরিবার সবসময় আমাকে ভরসা দিয়েছে এবং শক্তি জুগিয়েছে। আমি পেছনে তাকাই কৃতজ্ঞতা নিয়ে, আর সামনে এগিয়ে যাই বিশ্বাস, মনোযোগ আর নিবেদনকে সঙ্গী করে—এই নিশ্চয়তায় যে সেরা সময় এখনও সামনে আছে।' 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত