আজ শুনানি শেষে প্রকাশ হবে চূড়ান্ত সীমানা তালিকা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম

আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির শেষ দিন। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি ও আপত্তি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত গ্রহণ করবে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়।

প্রাথমিক সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬ এবং পাবনা-১ আসনের শুনানি হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩, এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি।

ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের জন্য এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়েছিল। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য গত রবিবার থেকে শুনানি শুরু করা হয় এবং আজ তা শেষ হচ্ছে।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন।

উল্লেখ্য, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি ২৩ আগস্ট রবিবার থেকে শুরু হয়েছে। আজ শেষ হওয়ার পর কমিশন শুনানি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত