আজ থেকে ট্রাইব্যুনালে শুরু আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩২ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বৃহস্পতিবার থেকে সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এদিন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) মামলার আনুষ্ঠানিক বিচার সূচনার জন্য সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহ ও অন্যান্য প্রসিকিউটর। স্টেট ডিফেন্সসহ আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে এই মামলার ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

এর আগে, ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করেন এবং বিচার শুরুর আদেশ দেন। মামলার মধ্যে এখনো সাবেক ভিসিসহ ২৪ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে গত ২২ জুলাই চারজন আইনজীবী নিয়োগ করা হয়।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী। পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এছাড়া শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। ২৯ জুলাই তিন আসামির পক্ষে শুনানি হয়, যেখানে শরিফুলের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো। কনস্টেবল সুজনের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু এবং ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।

২৮ জুলাই প্রসিকিউশন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন। ওই দিন আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সুনির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয় ৩০ জুন, আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত