খুলনায় জামায়াত সেক্রেটারি

সংস্কার ও দৃশ্যমান বিচারের আগে কোনো নির্বাচন জনগণ মানবে না

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার আহ্বান জানান তিনি।

শুক্রবার দিনব্যাপী খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের সামনে ব্যালটের যুদ্ধ আসছে। এতদিন দলীয় সরকারের অধীনে হয়েছে বলে সঠিক রায় হয়নি। যেখানে ভোট দিতে গেছে যাওয়ার আগেই ভোট দেয়া হয়ে গেছে। এবার আশা করি ভোট দিতে পারবো।

তিনি বলেন, ইসলামী দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ধর্ম, বর্ণ সব মানুষ ভালো থাকা যায়। এ জন্য নতুন বাংলাদেশ গড়তে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এতদিন মন্দিরে হামলা, বাড়িতে হামলা, ঘের দখল, চাঁদাবাজি, অন্য দলের লোকেরা করেছে। আমাদের লোকেরা পূজায় মন্দিরে পাহারা দিয়ে সাহস ও সান্ত্বনা যুগিয়েছে।

জামায়াতে ইসলামী শান্তির সমাজ গঠনে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দুদের বন্ধু সেজে যারা হিন্দুদের সম্পদ দখল করেছে, হিন্দুদের উপর জুলুম করেছে তারা এসব অপবাদ ইসলামী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও হিন্দু সম্প্রদায়ের লোকজন সাক্ষ্য দিচ্ছে, কোনো ইসলামী দল তাদের ওপর জুলুম করেনি।

তিনি বলেন, এখন থেকে প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লাসহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোনো নির্বাচন দেখতে চায় না বলেও তিনি উল্লেখ করেন।

আমভিটা বাজারের পথসভা রংপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি রাশিদুল ইসলামের সঞ্চালনায়, থুকড়া বাজারের পথসভা রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির শেখ বিল্লাহ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদ আলমের সঞ্চালনায়, শোলগাতিয়া বাজারের ভোটার সমাবেশ ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়েবুর রহমান জোয়ার্দারের সঞ্চালনায় এবং হাসানপুর সরকারি স্কুল মাঠে ভোটার সমাবেশ ফিরোজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে ও হেদায়েত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসব পথসভা ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. একরাম উদ্দিন সুমন,  ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, যুব বিভাগের সভাপতি বি এম আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মাওলানা সাইদুল্লাহ হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন হালদার, মাওলানা হাফিজুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সহ সভাপতি বাবু কানাইলাল কর্মকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, ধামালিয়া ইউনিয়ন আমীর মোস্তাক আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান রিপন, সবুজ গাজী, আনোয়ারুল কবির, নুর ইসলাম জোয়ার্দার, ফেরদৌস হোসেন গাজী, হুমায়ুন ফকির, মোস্তাফিজুর রহমান বিশ্বাস, খায়রুল ইসলাম ফকির, মোকাদ্দেস মোল্লা, মাওলানা মাহবুবুর রহমান, ইলিয়াস হোসেন মোড়ল, হাসানপুর সার্বজনীন পূজা মন্দির চত্বরে বাবু অরূপ রায়ের সভাপিত্বে সমির রায় পরিচালনায় হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেক্রেটারি জেনারেল মিকশিমিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা দেন এবং নামাজ আদায় করেন।

মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়েবুর রহমান জোয়ার্দারের সঞ্চালনায় এবং রুদাঘরা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সমাবেশ ইউনিয়ন আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে ও কারী ফেরদৌস গাজী পরিচালনায় অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত