পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও শীর্ষস্থানীয় নীতিনির্ধারকেরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এর আগে দুপুর ১টার দিকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পোশাকশিল্পের বর্তমান অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিস্থিতি সামাল দিতে নিজের নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেছেন শ্রমমন্ত্রী।
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়, যা প্রায় দুপুর ২টা পর্যন্ত স্থায়ী হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। কেবল ঢাকাতেই নয়, গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও সড়ক অবরোধ, বিক্ষোভ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে ওইসব এলাকার প্রায় ৩০০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মন্ত্রী জানান, সরকার আগেই বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে আজকের মধ্যে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। এতৎসত্ত্বেও শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
শ্রমিকদের দাবি পূরণের প্রক্রিয়া শুরু হওয়ায় মন্ত্রী তাদের আন্দোলন পরিহার করে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
১৭৭ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিকদের বিক্ষোভের আড়ালে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১