আইপিএলের গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই শিরোপা জয় উদযাপন করতে গিয়ে গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যায় ১১ জন। এতদিন পর সেই নিহতদের পরিবারকে ২৫ লক্ষ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক ঘটনা নিয়ে প্রায় তিন মাস চুপ ছিল বেঙ্গালুরু। গত বৃহস্পতিবার তারা মুখ খুলেছিল, এরপর আজ এলো সহায়তার ঘোষণা। এক বিবৃতিতে বেঙ্গালুরু জানিয়েছে, ‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা বেঙ্গালুরু পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তাঁরা আমাদেরই অংশ ছিলেন। তারাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। তাঁদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। তাঁদের শূন্যস্থান কোনোকিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে বেঙ্গালুরু তাঁদের পরিবারকে ২৫ লক্ষ রুপি দিচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার ‘বেঙ্গালুরু কেয়ারস’ নামে একটি উদ্যোগের সূচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছিল, ‘এই নীরবতা অনুপস্থিতি নয়, শোকের জন্য ছিল। এই অ্যাকাউন্ট এক সময়ে আনন্দ, স্মৃতিতে এবং মুহূর্তে পরিপূর্ণ ছিল যা আপনারা সবাই উপভোগ করতেন। কিন্তু ৪ জুন সব বদলে দিয়েছে। ওই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার।’
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আরও লেখা হয়েছিল, ‘এই নীরবতার মধ্যে আমরা শোকপালন করেছি, শুনেছি, বুঝেছি। ধীরে ধীরে আমরা এমন কিছু গড়ে তুলেছি যা শুধু একটা প্রতিক্রিয়া নয়, যাকে আমরা সত্যিই বিশ্বাস করি। এভাবেই “বেঙ্গালুরু কেয়ার্স” জীবন পেয়েছে। সমর্থন সম্মান জানাতে এই প্রচেষ্টা খুব প্রয়োজনীয় ছিল। এখন থেকে একটা মঞ্চ, যেটা শুধু আমাদের সমর্থকদের জন্য। আজ আমরা আবার ফিরলাম। উচ্ছ্বাস নয়, যত্ন নিয়ে। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, পাশে দাঁড়াতে, একসঙ্গে এগিয়ে যেতে।’
সিলেটে আজ বৃষ্টির শঙ্কা; আইসিসির নতুন আইনের প্রয়োগ হবে কি?
কাশ্মীরের আকিব নাবির ডাবল হ্যাটট্রিক; ভারতীয় দলে ডাক পাচ্ছেন কবে?
পদত্যাগ করলেন ভারতের বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি