গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানান।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নুরের শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী মারিয়া।
নুরের স্ত্রী মারিয়া নূর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও তার ওপর হামলা হয়েছে, কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের সময় এ ধরনের ভয়ংকর হামলা কল্পনাতীত।
মারিয়া নূর আরও জানান, নুরের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। তার মস্তিষ্ক, নাক, চোয়াল ও মেরুদণ্ডে আঘাত রয়েছে। ডাক্তারদের মতে, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পরই কেবল স্পষ্টভাবে কিছু বলা সম্ভব। তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
