দেশে গণপিটুনিতে হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। জুলাই মাসে ৫১টি গণপিটুনির ঘটনা বাড়লেও নিহত হয়েছিলেন ১৬ জন। অপরদিকে আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে যার মধ্যে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন।
এছাড়াও আগস্ট মাসে দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৩টি ঘটনায় ৯৬ সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগস্টে আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা জুলাই মাসের তুলনায় প্রায় তিন গুণ। আর নির্যাতনের ঘটনা ঘটেছে জুলাইয়ের প্রায় দ্বিগুণ।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের মানবাধিকার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ রবিবার এমএসএফ গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায়। প্রতিষ্ঠানটি প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে।
দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং নিজেরা তথ্যানুসন্ধান করে প্রতিবেদনটি তৈরি করে এমএসএফ।
গণপিটুনিতে নিহতের মধ্যে ১০ জনকে চুরির অভিযোগে, ৪ জনকে সন্দেহজনক চুরির অভিযোগে, ৩ জনকে ডাকাতির অভিযোগে, ১ নারীসহ ২ জনকে পূর্বশত্রুতার জেরে, ১ জন মাদক মামলার অভিযুক্ত, ২ জনকে ছিনতাইয়ের অভিযোগে ও ১ জনকে চাঁদাবাজির অভিযোগে হত্যা করা হয়।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, আগস্ট মাসে গণপিটুনির যত ঘটনা তুলে ধরা হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে। এখন ভয়ে কেউ মুখও খুলতে চান না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এভাবে গণপিটুনির সংখ্যা বেড়ে যাওয়া তার একটি প্রমাণ।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ১ জন হত্যা এবং ৩৬ জন সাংবাদিক আইনি হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে ১ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন ১৬ জন সাংবাদিক এবং ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, চাঁদাবাজি ও মানহানির মামলা।
জুলাই মাসে সাংবাদিকদের ওপর ১৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন।
আগস্ট মাসে ৩৩টি সাংবাদিক নির্যাতন–সংক্রান্ত ঘটনায় ৭টি বিএনপি, ৬টিতে পুলিশ, ৩টি ঘটনায় শিক্ষক, ৫টি ঘটনায় সন্ত্রাসী বাহিনী, ২টিতে চোরাকারবারি, ১টি ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মামলার শিকার, ১টিতে এনজিও, ১টিতে পেশকার, ৪টিতে দুষ্কৃতকারী, ১টিতে পত্রিকা অফিস এবং ২টিতে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল।
আগস্ট মাসের ৭ তারিখ রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তাঁর মারা যাওয়া নিশ্চিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এমএসএফের সাইদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর নিপীড়ণের কোনো ঘটনার প্রতিকার হয় না। প্রতিকার করারও কেউ নেই। গণমাধ্যমকর্মীরা পুলিশের কাছে যেতে পারেন না। আবার স্থানীয়ভাবে কোনো অভিভাবক গোছের কারও কাছে গিয়ে প্রতিকার পাবেন এমন অবস্থাও নেই।
