মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

মেহেরপুরে এক মাদক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা একটায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের টিপু সুলতান, স্বপন আলী ও আবেদ আলী এবং জুয়েল রানা রয়েছেন। অন্যজন রাজিব সর্দার, যার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এদের মধ্যে রাজিব সর্দার এখনও পলাতক রয়েছেন।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোররাতে গাংনী উপজেলার আকুবপুর এলাকায় পুলিশ একটি ট্রাক তল্লাশি করে। এ সময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যান। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। আদালত স্বাক্ষী জেরা ও তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় দেন।

মামলায় আসামি পক্ষের কৌশুলী ছিলেন অ্যাডভোকেট আসাদুল আযম খোকন। রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এএসএম সাইদুর রাজ্জাক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত