সিংগাইরে ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে গরুর খামারের মালিক মহর উদ্দীন হত্যা ও ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ (সিপিসি-২) এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়ার খেজুরটেক, ধামরাইয়ের ছোট চন্দ্রাইল ও সাভারের ছায়াবীথি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার ইসমাইল ইমরান (৪০), ডাকাত সদস্য  মো. মাসুদ রানা (২৯), মো. ওবায়দুর (২২), মো. তাওহিদ (১৮), মো. সুমন (২৭), মো. মনু (৪৫), মো. সুরুজ মিয়া (৪৫) এবং মো. হাবিবুর রহমান হাবিব (৩২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামের মহর উদ্দীনের বাড়িতে একদল ডাকাত ঢুকে গোয়ালঘর থেকে চার গরু লুট করে পিকআপে তোলার চেষ্টা করে। এ সময় মহর উদ্দীন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু প্রতিরোধ করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের পিটিয়ে গুরুতর জখম করে এবং গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দীন মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত